গাজীপুরের কালীগঞ্জে রাশেদ মীর (৩৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার জাঙ্গালীয়া ইউনিয়নের দুবুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে তড়িঘড়ি করে কোন প্রকার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন করেছে। মৃত যুবক ওই ইউনিয়নের মৃত গিয়াস উদ্দিন মাস্টারের ছেলে। তিনি পিক-আপ ভ্যানের চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাইদের কাছে গাড়ি কেনার টাকা দাবি করেন। কিন্তু ভাইয়েরা গাড়ি কেনার টাকা দিতে অপরাগতা প্রকাশ করে। আর এতে অভিমানে শুক্রবার দুপুরের পরে কোন এক সময় আত্মহত্যা করেছে বলে সূত্রে জানায়। তবে থানা পুলিশকে অবহিত না করে স্থানীয় একটি প্রভাবশালী মহলের প্রভাবে তড়িঘড়ি করে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হয় কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমানের সঙ্গে।
তিনি জানান, এ ব্যাপারে আমার জানা নেই। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি।