ফুলগাজী উপজেলা চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ফেনীর ফুলগাজীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমাদানে বাধা, প্রভাব বিস্তার, অফিসের চেয়ার ভাঙচুর ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো. আবদুল আলিমসহ ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে শুক্রবার বিকেলে মামলা করেছে পুলিশ।
 
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈন উদ্দিন জানান, উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমসহ ১৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনের বিরুদ্ধে এসআই আশেকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার বিকেলে মামলা দায়ের করেন।নির্বাচন কমিশনের চিঠির নির্দেশনার আলোকে এ মামলা দায়ের করা হয়।
 
জানা যায়, ফুলগাজী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় ও দাখিলে বাধাদান, প্রভাব বিস্তার, প্রার্থীদের হুমকি ধামকি এবং ফুলগাজী উপজেলা রিটার্নিং অফিসারকে শারীরিক লাঞ্ছিত করার ঘটনা ঘটে।
 
গত ৩ মার্চ ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদারকে বহিষ্কার করার সুপারিশ করে নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়। ইসির চিঠিতে তাকে বহিষ্কারের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়। দ্বিতীয় দফায় ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এসব ঘটনায় ফুলগাজী উপজেলার ৬টি ইউনিয়ন ফুলগাজী সদর, মুন্সিরহাট, দরবারপুর, আমজাদহাট, জি.এম.হাট ও আনন্দপুর ইউনিয়নে নির্বাচন কমিশন স্থগিত করে।
 
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার জানান, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমসহ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।