এশিয়া কাপের দশম ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তানকে ১৫১ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার দিনেশ চান্দিমালের ও দিলশানের অর্ধশতকের উপর ভিত্তি করেই বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
ইনিংসের ১৫তম ওভারে ওয়াহাব রিয়াজ ফেরান ওপেনার চান্দিমালকে। শারজিল খানের তালুবন্দি হওয়ার আগে তিনি করেন ৫৮ রান। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৭টি চার আর একটি ছক্কা। আউট হওয়ার আগে দিলশানের সঙ্গে ১১০ রানের জুটি গড়েন চান্দিমাল।
চান্দিমালের পর বিদায় নেন জয়সুরিয়া। শোয়েব মালিকের করা ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে শারজিল খানের হাতে ধরা পড়েন ৪ রান করা জয়সুরিয়া।
১৮তম ওভারে দুটি উইকেট তুলে নেন পেসার ইরফান মোহাম্মদ ইরফান। প্রথম বলে কাপুগেদারাকে (২) বোল্ড করেন ইরফান। সেই ওভারের তৃতীয় বলে বোল্ড করেন দাসুন শানাকাকে।
দিলশান অপরাজিত থাকেন ৭৫ রানে। ৫৬ বল মোকাবেলা করে ডানহাতি এ ওপেনার ১০টি চার আর একটি ছক্কা হাঁকান।
পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ ইরফান। উইকেট শূন্য থাকেন শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির আর মোহাম্মদ নওয়াজ। শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ নেন একটি করে উইকেট।