‘সন্ত্রাসীর’ স্ত্রীর সাথে পরকীয়ার জের ধরে যশোরে লিটন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঝিকরগাছা বাজারে সেলিম সু স্টোরের সামনে এই ঘটনা ঘটে।
লিটন যশোর শহরের শংকরপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি খবির আহম্মদ জানান, প্রাথমিকভাবে শুনেছি, উপজেলা শহরের এক সন্ত্রাসীর স্ত্রীর সাথে পরকীয়া ছিল লিটনের। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সকাল সাড়ে আটটার দিকে লিটনকে গুলি করেছে ঐ সন্ত্রাসী ও তার সহযোগীরা। এই ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। কেউ আটকও হয়নি।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিত্সক কল্লোল কুমার জানান, লিটনের পিঠের ডান পাশে গুলি লেগেছে। সকাল সাড়ে নয়টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ডকরা হয়।