মার্কিন দর্শকদের মন জয় করেছেন, পিপলস চয়েস অ্যাওয়ার্ডও পেয়েছেন। এবার খাওয়া-দাওয়ার এক চ্যালেঞ্জে মার্কিন কমেডিয়ান জিমি ফ্যালনকে হারালেন প্রিয়াংকা চোপড়া।
সম্প্রতি ‘দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন’ নামের এক টিভি অনুষ্ঠানে ডাক পান প্রিয়াংকা। জনপ্রিয় মার্কিন কমেডিয়ান জিমি ফ্যালন সাক্ষাৎকার নেয়ার জন্যই আমন্ত্রণ জানান বি-টাউন কন্যাকে।
এ নিয়ে স্বাভাবিকভাবেই খুশি ছিলেন প্রিয়াংকা। প্রথম ভারতীয় তারকা হিসেবে সাক্ষাৎকার দেয়া বলে কথা।
ওই অনুষ্ঠানে প্রিয়াংকাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন ফ্যালন। তার সামনে হাজির করেন এক ঝুড়ি চিকেন উইংস! সঙ্গে এক বোতল টোবাস্কো সসও! চ্যালেঞ্জটা হল ফ্যালনের সঙ্গে পাল্লা দিয়ে এসব খাবার খেতে হবে প্রিয়াংকাকে। প্রিয়াংকাও কম যান না, চ্যালেঞ্জ জিততে গপাগপ গিলতে শুরু করেন সামনে থাকা খাবার।
এক পর্যায়ে ফ্যালনকে হারিয়ে দেন সাবেক এই বিশ্বসুন্দরী। আর এই ব্যাপারটা হজম করতে না পেরে চোখ কপালে উঠে ফ্যালনের!