কিশোরগঞ্জে শিশুকে গলাকেটে হত্যা

কিশোরগঞ্জে মায়ের বিরুদ্ধে দেড়বছরের শিশুকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, করিমগঞ্জ উপজেলায় কৃষক আবুল কালামের সঙ্গে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের আসাদ মিয়ার মেয়ে ছালামা আক্তারের বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের ৩ মেয়ে ও ছেলে রয়েছে। ছালামা আক্তার বহুদিন ধরেই মানসিকভাবে ভারসাম্যহীন। এজন্য প্রায়ই তিনি বাবার বাড়িতে বেড়াতে যান।
 
সর্বশেষ ১৫দিন আগে দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান ছালামা আক্তার। বেলা পৌনে ১২টার দিকে বসত ঘরের দরজা আটকে দা দিয়ে শিশুটিকে গলাকেটে হত্যা করে।
 
পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তিনি রক্তাক্ত হাত ধুয়ে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এ সময় তিনি বলেন,‘মাহাদী আর কান্না করবে না, সে ব্যবস্থা করে দিয়েছি।'
 
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান। এ সময় তিনি বলেন, 'বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।'