নওগাঁ সদর হাসপাতালের সেপটিক ট্যাঙ্কি থেকে পরিত্যক্ত অবস্থায় আরো ২টি গ্রেনেড ও ৪৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে হাসপাতালের একটি সেপটিক ট্যাঙ্কি খনন করার সময় গ্রেনেড ও গুলিগুলো উদ্ধার করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনজুমান আরা জানান, কয়েকদিন আগে হাসপাতালের তিনটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কির সংস্কার কাজ শুরু হয়। সুইপাররা সেপটিক ট্যাঙ্কিগুলো পরিস্কার করার সময় শুক্রবার দুপুরে একটি মরিচা ধরা গ্রেনেড পাওয়ার পর থানায় সংবাদ দেয়া দেয়। পরে সেখান থেকে মরিচা ধরা ৭টি গ্রেনেড ও ৪৭টি গুলি উদ্ধার করা হয়। শনিবার সকালে আবারও কাজ শুরু হলে মরিচা ধরা ২ টি গ্রেনেড ও ৪৪ টি গুলি উদ্ধার করা হয়েছে।
IMG0
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, গুলি ও গ্রেনেডের গায়ে পাঞ্জাবি মনোগ্রাম ও সোল্ডার ব্যাজ দেখে পুলিশ ধারণা করছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানারদার বাহিনী এগুলো সেপটিক ট্যাঙ্কিতে ফেলে রেখে পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ নিয়ে গত দুই দিনে ৯টি গ্রেনেড ও ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে। সেপটিক ট্যাঙ্কির আশেপাশে ঘেরাও করা হয়েছে। আরো গ্রেনেড ও গুলি আছে কি না তল্লাশি করা হবে।