গৌরীপুরে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর লড়াই

নিজেদের মধ্যে কোন বিবাদ নেই,  স্বামী-স্ত্রীর সম্প্রীতির বন্ধনে থেকেই নেমেছেন জনপ্রিয়তার লড়াইয়ে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে মোহাম্মদ শফিকুল ইসলাম ও তার সহধর্মিনী মোছা. রেবেকা সুলতানা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন।
 
শফিকুল ইসলামের স্ত্রী রেবেকা সুলতানা দীর্ঘদিন ইউনিয়নবাসীর সেবা করেছেন।তিনি সংরক্ষিত আসনের মেম্বার হিসাবে কাজ করেছেন। এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই পদে নির্বাচন করা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কিছু নেই উল্লেখ করে বলেন, ‘আমরা এক সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছি। প্রতিদিন সকালে গণসংযোগের জন্য একই হাঁড়ির ভাত খেয়ে ঘর থেকে বেড়িয়ে যাই। এ ইউনিয়নে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী ভোটার। পুরুষ আর নারীর ভেদাভেদ নেই সর্বক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি আমার স্বামীকেও সহযোগিতা করি। জনগণ যাকে ভোট দিবেন তিনিই চেয়ারম্যান হবেন, মনোমালিন্য হওয়ার কিছু নেই।
 
এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ১০ জন। অন্যরা হলেন অচিন্তপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই ওরফে আহাম্মদউল্লাহ, বিএনপি নেতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার, কৃষক দল নেতা বিএনপির ধানের শীষের প্রার্থী জায়েদুর রহমান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম অন্তর, যুবলীগ নেতা রুকনোজ্জামান রুকন, সাইফুল ইসলাম, দুলাল ফকির, মাজহারুল ইসলাম। উপজেলার ১০টি ইউনিয়নে ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
একই পদে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।