২০১৪ বিশ্বকাপের পর প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছেন লুইস সুয়ারেস। ব্রাজিল ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে তাকে দলে রেখেছেনে উরুগুয়ের কোচ অস্কার তাবারেস।
গত বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দেওয়ার কারণে প্রতিদ্বন্দ্বিতামূলক আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ আর যে কোনো ধরনের ফুটবলে চার মাসের জন্য সুয়ারেসকে নিষিদ্ধ করেছিল ফিফা।
৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ে তাদের পঞ্চম ম্যাচটি খেলবে ব্রাজিলের বিপক্ষে ২৬ মার্চ। এর চার দিন পর নিজেদের মাঠে পেরুর মুখোমুখি হবে তাবারেসের দল।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সুয়ারেস সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪১ গোল করেছেন।