'ওয়ান-ইলেভেনের কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসবে'

 
ওয়ান-ইলেভেনের কেঁচো খুঁড়তে গেলে বিষধর সাপ বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সতর্ক করে বলেন, 'কেঁচো খুঁড়তে গেলে বিষধর সাপ বেরিয়ে আসবে। তাদের (বিএনপির) ঘরের শত্রু বিভীষণ কে? এটা তাদের বের করতে হবে।'
 
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ডিজিএফআইর 'সরবরাহ করা' ভুয়া খবর যাচাই ছাড়া প্রকাশের ভুল ডেইল স্টার সম্পাদক মাহফুজ আনাম স্বীকারের পর ওই সময়টার ঘটনাবলি নিয়ে নতুন করে আলোচনা চলছে। ওয়ান-ইলেভেনের কুশীলবদের বিচারের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের কথায় আসার পর তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া দুদিন আগে বলেছিলেন, তাদের সঙ্গে 'আঁতাত' করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল।
 
তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরো বলেন, 'সেদিন গ্রেফতার তো অনেকেই হয়েছিল। প্রথম গ্রেফতার হওয়ার কথা ছিল সরকারি দলের নেতাদের। কিন্তু সেখানে প্রথমেই গ্রেফতার হয়েছিলেন আমাদের নেত্রী।
 
ওবায়দুল কাদের বলেন, 'তাকে (শেখ হাসিনা) কীভাবে গ্রেফতার করা হয়েছে, সেটা জাতি দেখেছে। তার সঙ্গে ওই সময় কী দুর্ব্যবহার করা হয়েছে, কোর্টে কীভাবে তাকে টানা-হেঁচড়া করা হয়েছে- সেই ইতিহাস কি এই দেশের মানুষ ভুলে গেছে? কাজেই আমাদের অনেক কষ্ট আছে। কিন্তু দেশের স্বার্থে অনেকেই ক্ষমা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষায় আমি বলতে পারি- ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভুলে যাইনি।'
 
৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে দলের ঢাকার আশপাশের জেলার নেতাদের সঙ্গে যৌথসভার পর সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদের। বিডি নিউজ।