গাজীপুরে লুট হওয়া মালামাল উদ্ধার: ৮ ডাকাত গ্রেফতার

গাজীপুরে লুট হওয়া গার্মেন্টের শার্ট, প্রায় দেড় কোটি টাকার তামার তার ও পাত উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়।
 
শনিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসবিফিংয়ে পুলিশ সুপার হারুন-অর-রশীদ এ সব তথ্য জানান।
 
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট এ্যাপারেল লিমিটেডের প্রায় ৩০ লাখ টাকার ৮ হাজার ৯৮০টি শার্ট কাভার্ডভ্যানযোগে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে লুট হয়। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হলে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে  গাজীপুর মহানগরীর কাশিমপুরের সরপাইতলী এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহের মো: মোজাম্মেল হক (৩৪) এবং তার স্বীকারোক্তি অনুযায়ী একই মো: কামাল হোসেনকে (৩৮)গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।
 
এদিকে গত ১ মার্চ টঙ্গী থানা পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টঙ্গীর চেরাগআলীর এ,ই,জি ট্রান্সফরমার কোম্পানির থেকে লুট হওয়া প্রায় দেড় কোটি টাকার ১৫ টন তামার ও পাত উদ্ধার এবং ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- মানিকগঞ্জের সোহরাব হোসেন (৪০), টাঙ্গাইলের আতাউর মিয়া (২৮), বরিশালের কাউসার সরদার (২৩), শরীয়তপুরের মো. কামাল (৩৫), ঢাকার শামীম আকন্দ (৩৫) ও একই জেলার মো. মজিবুর রহমান।
 
এ ছাড়া কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাত মিন্টু (২৮) ও ইমনকে (৩৫)গ্রেফতার করা হয়েছে।