গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কিশামত বড়বাড়ী (আকন্দপাড়া) গ্রামে শনিবার ভোরে আগুনে পুড়ে মফিজল হক আকন্দ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ওই মশার কয়েল থেকে আগুন লেগে মফিজল হক মারা গেলেও ঘরের কোন মালামালের ক্ষতি হয়নি। তবে এ ঘটনার পিছনে অন্য কোন রহস্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ শনিবার দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস জানান, প্যারালাইসেস রোগী মফিজল হক শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে ঘরে একাই ঘুমিয়ে পড়েন। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য তার ঘরে কয়েল জ্বালানো ছিল। শনিবার ভোর রাতে যে কোন সময় ওই কয়েলের আগুন বিছানায় লাগে। কিন্তু আগুনের বিষয়টি পরিবারের লোকজন বুঝতে না পারায় সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান মফিজুল হক।
মফিজল হকের ছেলে মনোহর আকন্দ বলেন, সম্প্রতি বাবা প্যারালাইসেস রোগে আক্রান্ত হয়ে হাঁটা চলা ও কথা বলতে পারতেন না। শনিবার সকালে বাবার ঘরের দরজা খুলে আমরা আগুনে পুড়ে যাওয়া বিছানার ওপর বাবার অগ্নিদগ্ধ নিথর দেহ পড়ে থাকতে দেখতে পাই। এরপর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।