টেকনাফে ‘বিপুল পরিমাণ’ সোনা ও টাকা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে সাড়ে ৯ কেজি সোনার গয়না ও ৫২ লক্ষাধিক টাকাসহ ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত’ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
 
শনিবার ভোরে টেকনাফ পৌরসভার লামা বাজারের একটি বাড়িতে এই আটকের ঘটনা ঘটে বলে জানান বিজিবির চট্টগ্রাম রিজিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এআরএন নাছির উদ্দিন একরাম। আটক মং মং ছেন রাখাইন (৪২) টেকনাফ পৌরসভার লামা বাজারের অংচা ছা রাখাইনের ছেলে।
 
বিজিবি কর্মকর্তা সাংবাদিকদের জানান, অভিযানকালে বাড়ির আলমারি থেকে সাড়ে ৯ কেজি সোনার গয়না, ৫২ লাখ ৫৮ হাজার ৭৬৭ টাকা, ভারতীয় রুপির ৩১টি কয়েন ও সাড়ে ৫২ হাজার কিয়াট (মিয়ানমারের মুদ্রা) উদ্ধার করা হয়। আটক মং মং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তিনি মিয়ানমার সীমান্ত ও সমুদ্র পথ ব্যবহার করে টেকনাফ দিয়ে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।
 
উদ্ধার সোনা ও মুদ্রা টেকনাফ শুল্ক গুদামে জমা রাখা হয়েছে এবং টেকনাফ থানায় মামলা হবে বলেও তিনি জানান।