খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম হাসান ও তার মোটরসাইকেল চালক মিরাজুল তরফদারকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ইসমত সোলাকুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ৬ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়নের ইসমত সোলাকুড়া নামক স্থানে বিএনপি প্রার্থী গোলাম হাসান গণসংযোগ করার সময় তাকে কুপিয়ে আহত করা হয়। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে গত ২৪ ঘন্টায় বটিয়াঘাটা উপজেলায় বিএনপির দুইজন প্রার্থী প্রতিপক্ষের হামলায় আহত হলেন। এর আগে গত শুক্রবার রাতে গণসংযোগ করার সময় আমীরপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খায়রুল ইসলাম জনিসহ বিএনপির ৮ নেতাকর্মী দুর্বৃত্তদের হামলায় আহত হন। এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে বিএনপির নেতাকর্মীরা।
ব্যাপারে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশিদ বলেন, শুনেছি বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলাম হাসান টর্চ লাইটের আঘাতে আহত হয়েছেন। আমরা ওই এলাকায় অভিযান শুরু করেছি।