প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভি বলেছেন, 'বহু প্রতীক্ষিত তিস্তা পানি বন্টন চুক্তি শিগগিরই বাস্তবায়িত হবে।' রাজধানীতে একটি প্যানেল আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'খুব শিগগিরই তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে বলে আমরা খুবই আস্থাশীল। এ ব্যাপারে বল এখন ভারতের কোর্টে। এটি সময়ের ব্যাপার মাত্র।'
দুইদিনব্যাপী ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডায়ালগের সমাপনী দিনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস অব বাংলাদেশ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লীস্থ ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে রাজধানীর একটি হোটেলে এ সংলাপের আয়োজন করে। প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।
সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে ড. গওহর রিজভী প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বে তিনি ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী নেতৃত্বের কারণে গত ৭ বছরে দুইদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।'