বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে গার্মেন্ট শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল সহকারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা সংলগ্ন আউটপাড়া এলাকায় নিম্বল গার্মেন্ট লিমিটেড নামে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন ও ওভারটাইমের টাকা বকেয়া রয়েছে। শনিবার ৫টার মধ্যে তাদের পাওনা পরিশোধের কথা ছিল। কিন্তু রাত ৯টা পর্যন্ত মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ না করায় তারা বিক্ষুব্ধ হয়ে উঠে।
 
তারা সাড়ে ৯টার দিকে মিছিল সহকারে চান্দনা চৌরাস্তায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় ওই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুরের শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে আধাঘন্টা পর রাত ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
 
কারখানার অপারেটর মোবারক হোসেন ও রেনু বেগম জানান, আজ নয় কাল করে তিন মাস ধরে তাদের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করছে না মালিক পক্ষ।
 

শিল্প পুলিশের এএসআই শুক্কুর মাহমুদ জানান, কারখানায়  শ্রমিকদের ৩ মাসের বেতন পাওনা রয়েছে। শনিবার টাকা পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন দিতে ব্যর্থ হয়। পরে তাদের বেতনের টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের চেষ্টা করা হচ্ছে।