বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন-সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশসমূহ নারী নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নারীদের গতিশীল নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নতি সাধন করে দক্ষিণ এশিয়া সমগ্র বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তিনি গতকাল শনিবার দিল্লীতে ভারতের লোকসভা আয়োজিত ভারতের নারী আইন প্রণেতাদের জাতীয় সম্মেলনের প্রথম প্লেনারি সেশনে চেয়ারপারসনের বক্তৃতাকালে একথা বলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ড. নাজমা এ. হেপতুল্লা সেশনে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন। ড. শিরীন শারমিন বলেন, বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভারতের নারী নেতৃদের এ সম্মেলন নারী অধিকার আদায়ে নতুন মাত্রা যোগ করবে। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা ও সংসদের স্পিকার নারী। এই নারী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করেছে এবং দেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত করেছে।