সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন সাত লেখক

আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, একজন লেখকের জন্য পুরস্কার হচ্ছে অনুপ্রেরণার উত্স। এছাড়া পুরস্কারপ্রাপ্তির মর্যাদার বিষয়টিও আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রবীণ লেখকদের পাশাপাশি নবীন লেখকদের এই পুরস্কার প্রদান মূলত এগিয়ে নেবে সাহিত্যের স্রোতকে। শনিবার দুপুরে আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ পুরস্কার প্রদান উপলক্ষে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন বসেছিল চ্যানেল আই প্রাঙ্গণে। সে অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
 
কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশক আর বিশিষ্টজনের এ মিলনমেলায় পুরস্কারপ্রাপ্ত সাত লেখকের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সদ্য সমাপ্ত অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত সেরা বইয়ের জন্য দেয়া হয় এ পুরস্কার। ‘ক’ শাখায় পুরস্কার দেয়া হয়েছে ছয় জ্যেষ্ঠ লেখককে এবং খ-শাখায় জীবনের প্রথম বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন এক নবীন লেখক । পুরস্কার পেয়েছেন আবুল মাল আবদুল মুহিত, মুনতাসীর মামুন, সেলিনা হোসেন, আসলাম সানী, পিয়াস মজিদ, মুজিব ইরম ও এহসান হাফিজ। ‘ক’ শাখায় প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩০ হাজার টাকা ও একটি ক্রেস্ট এবং ‘খ’ শাখায় পুরস্কারের মূল্যমান ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।
 
প্রতিবছর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় কয়েক হাজার বই। সেই হিসেবে এ বছরও বাংলা একাডেমির তথ্য অনুযায়ী বেরিয়েছে প্রায় সাড়ে ৩ হাজার গ্রন্থ। তবে এত রাশি রাশি বইয়ের মাঝে ভালো বইয়ের সংখ্যা থাকে খুবই স্বল্প। এই গড্ডালিকা প্রবাহের মাঝেও প্রতি গ্রন্থমেলাতেই প্রকাশিত হয় পাঠক সমাদৃত কিছু মানসম্পন্ন বই। তেমন সাতটি সমৃদ্ধ বইয়ের জন্য নবীন-প্রবীণ সাত লেখককে প্রদান করা হলো সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিটি ব্যাংক এনএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার এস এইচ আসলাম হাবীব।
 
এবার ‘ক’ শাখায় প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা বিভাগে চন্দ্রাবতী থেকে প্রকাশিত আবুল মাল আবদুল মুহিতের ‘সোনালি দিনগুলি’ এবং জার্নিম্যান থেকে মুনতাসীর মামুনের ‘ঢাকার খাল পোল ও নদীর চিত্রকর’, উপন্যাসে কথাপ্রকাশ থেকে প্রকাশিত সেলিনা হোসেন-এর ‘নিঃসঙ্গতার মুখর সময়’, শিশুসাহিত্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত আসলাম সানীর ‘নির্বাচিত ১০০ ছড়া’, কবিতায় যৌথভাবে সময় থেকে প্রকাশিত পিয়াস মজিদ-এর ‘কবিকে নিয়ে কবিতা’ ও চৈতন্য থেকে প্রকাশিত মুজিব ইরম-এর ‘শ্রীহট্টকীর্তন’ পুরস্কার পেয়েছে।
 
‘খ’ শাখায় (জীবনের প্রথম বই ক্যাটাগরিতে) জনান্তিক থেকে প্রকাশিত এহ্সান হাফিজ-এর ‘এ ও সে ও’ পুরস্কার পেয়েছে। উল্লেখ্য, সিটি ব্যাংক এনএ’র সহায়তায় ২০০৮ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়।