ভারতে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান

চির প্রতিদ্বন্দ্বী ভারতের মাঠে ওয়ার্ল্ড টি টোয়েন্টি খেলতে যাওয়ার আগে সেখানকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাবে পাকিস্তান। আগামী সপ্তাহে দলটির ভারতের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগের কথা রয়েছে বলে পিসিবি সূত্রে জানা গেছে। 
 
গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কলকাতা, ধর্মশালা ও মোহালিতে খেলার কথা রয়েছে। নিরাপত্তা দলটি এই সমস্ত ভেন্যু পর্যবেক্ষণ করবে। ইতোমধ্যেই ধর্মশালায় ভারতের বিপক্ষে ম্যাচটির নিরাপত্তা নিয়ে খোদ সেখানকার সরকারই প্রশ্ন উত্থাপন করায় বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়। এমনকি ম্যাচটি অন্যত্র সরিয়ে নেবারও কথা হয়েছিল। দুই দেশের রাজনৈতিক অস্থিরতায় গত তিন বছরে কোন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন সম্ভব হয়নি।