ভূত নয়, অক্টোপাস

হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে প্রশান্ত মহাসাগরের গভীরে সম্ভাব্য নতুন এক প্রজাতির অক্টোপাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। চেহারায় মিল থাকায় অর্ধস্বচ্ছ এই অক্টোপাসকে তুলনা করা হচ্ছে ভূত কার্টুন চরিত্র ক্যাসপারের সঙ্গে।
 
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নেকার আইল্যান্ডের কাছে সাগরের প্রায় চার কিলোমিটার গভীরে অষ্টপদী এই প্রাণীর সন্ধান পায় গবেষণার কাজে নিয়োজিত একটি সাবমারসিবল (ডুবোযান)। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (নোয়া) বিজ্ঞানীরা বলছেন, এই প্রথম সাগরের এতো গভীরে পৃষ্ঠপাখনা ছাড়া অক্টোপাসের দেখা পাওয়া গেল।
 
পৃষ্ঠপাখনাওয়লা এবং পৃষ্ঠপাখনা ছাড়া- দুই ধরনের অক্টোপাসই সাগরে দেখা যায়। তবে পৃষ্ঠপাখনাহীন অক্টোপাস সাধারণত অগভীর পানিতেই থাকে। নোয়ার জীববিজ্ঞানী মিকায়েল ভেচ্চিওনি বলেন, “অভূতপূর্ব এই ছোট্ট অক্টোপাস খুব সম্ভবত আমাদের না জানা কোনো প্রজাতির সদস্য।
 
পিগমেন্ট কোষের অভাব থাকায় এই অক্টোপাসের গায়ের রঙ হালকা, অর্ধস্বচ্ছ। ভেচ্চিওনি বলেন, গভীর সমুদ্রের জগৎ সম্পর্কে আমরা খুবই কম জানি। প্রায়ই এখানে নতুন কিছুর সন্ধান মেলে, ঘটে যায় অপ্রত্যাশিত কিছু।সেখানে অনুসন্ধান চালানোর রোমাঞ্চও কম নয়। বিবিসি।