সাভারে রানা প্লাজা ভবনটি অবৈধভাবে নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় ওই ভবনের মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে মামলাটি ফের তদন্ত করে বিচারক আগামী ৮ মে অভিযোগপত্র দাখিলের জন্য দিন ধার্য করেছেন। রবিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এম আতোয়ার রহমান এ আদেশ দেন।
আদেশে বলা হয়, রানা প্লাজার ভবন নির্মাণ ও নকশা অনুমোদনের ক্ষেত্রে যারা জড়িত সেই সময়ের কোনো ব্যক্তিকে এই মামলায় সম্পৃক্ত করা হয়নি। তাদের বিষয়টিও তদন্তে আসেনি। তাই মামলাটি ফের তদন্তের প্রয়োজন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে বিচারক আদেশের জন্য গত ১ মার্চ দিন ধার্য করেছিলেন। কিন্তু ওই দিন আদেশ সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ায় রবিবার আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।
২০১৪ সালের ১৬ জুলাই মুখ্য বিচারিক হাকিম আদালতে দুদকের উপ-পরিচালক এসএম মফিদুল ইসলাম ভবনমালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।