আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এক-এগারোর জন্য একমাত্র দায়ী বিএনপি। বিএনপির অগণতান্ত্রিক মনোভাব এবং ক্ষমতা লোভের চিন্তা থেকে এই ঘটনার উত্পত্তি হয়েছে।
রবিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি যদি তখন গণতান্ত্রিক পন্থায়, সংবিধান অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করত, তারা যদি ২০০৬ সালে তাদের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন দিতো। তাহলে এ দেশের মানুষকে এই ভোগান্তিতে পড়তে হতো না।
তিনি বলেন, বিএনপি কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি যখনই ক্ষমতায় গেছে, অশুভ শক্তির সমর্থন নিয়ে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করেছে। ২০০৬ সালে অশুভ শক্তির মাধ্যমে ক্ষমতা আকড়ে থাকার চেষ্টা করেছিলো বলেই, এ দেশের জনগণ সরকার বিরোধী আন্দোলন করেছিল। সে সুযোগ নিয়ে এক-এগারোর মতো ঘটনা ঘটেছিল। কাজেই এক-এগারোর জন্য কেউ যদি দায়ী থেকে থাকে, সেটা একমাত্র বিএনপি এবং খালেদা জিয়া।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী ও এস এম কামাল হোসেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।-বাসস।