বগুড়ার শাজাহানপুর থেকে শাকিল আহম্মেদ (২০) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার খোট্টাপাড়া গ্রামের একটি খালপাড় থেকে অজ্ঞাত হিসেবে শাকিলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে বেলা ২টার দিকে নিহতের স্বজনরা তার পরিচয় নিশ্চিত করেন। শাকিল বগুড়া শহরের মালগ্রাম এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।
জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে শাকিল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। রবিবার অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে স্বজনেরা শাকিলের লাশ শনাক্ত করেন। এদিকে লাশ উদ্ধারের পর পুলিশ খোট্টাপাড়া গ্রামের একটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় শাকিলের অটোরিকশা উদ্ধার করে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুণ্ডু জানান, পুর্ব শত্রুতার জের ধরে শাকিলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে । ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হলে দুর্বৃত্তরা অটোরিকশাটি ফেলে রেখে যেত না ।