অসামান্য ভারসাম্যে ভাসিয়ে দিলেন শরীর

মঞ্চের দুই প্রান্ত থেকে সারিবদ্ধভাবে এগিয়ে আসছেন অ্যাক্রোবেটরা। ঠিক মাঝপথে তারা এক হলেন। এরপর একজনের ওপরে একজন করে উঠতে শুরু করলেন। অসামান্য ভারসাম্যে ভাসিয়ে দিলেন শরীর। ঝুঁকিপূর্ণ হলেও দক্ষ শিল্পীদের পরিবেশনায় চমৎকৃত দর্শকেরা করতালিতে মুখর করে তোলেন মিলনায়তন।
 
শনিবার রাতে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ছিল এ চমৎকার অ্যাক্রোবেটিক প্রদর্শনী। সোয়া ঘণ্টার পরিবেশনার শুরুতেই ছিল ‘জলি সিমেন’। এরপর একে একে পরিবেশিত হয় রোলার ব্যালান্স, চেয়ার ছিনাছিনি, হ্যান্ড স্কিল, নেক আয়ারন বার, রোপ রাউন্ড, রিং জাম্প, মাউথ স্কিল, আংকারাসা, ওয়ার ব্যালান্স, রিং ড্যান্স,  ব্রিক স্কিল, রোপ জাম্প, সাইকেল ব্যালান্স ও  নুনতু।  মোট ২৪ জন অ্যাক্রোবেটিক শিল্পী  আকর্ষণীয় পরিবেশনার মধ্য দিয়ে দর্শকদের নির্মল আনন্দে মাতিয়ে রাখেন।
IMG0
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোহাম্মদ ফজলে আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশীদ, কালচারাল অফিসার আসিফ আনাম সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আর্শেদউদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু প্রমুখ।