নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভয়াবহ ওই হামলায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ।
নিজেকে ব্রেনটন ট্যারেন্ট বলে পরিচয় দেওয়া এক হামলাকারী হামলার ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও করেছেন। তবে হামলাকারীর ওই লাইভ বা হামলা সংক্রান্ত কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে পুলিশ।
ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে, তারা ওই হামলাকারীর ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই হামলাকারী হামলার পেছনে নিজের উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে একটি ম্যানিফেস্টো প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি নিজেকে ডানপন্থী নীতির পক্ষে এবং অভিবাসী নীতি বিরোধী বলে উল্লেখ করেছেন।
১৭ মিনিট ধরে হামলার লাইভ ভিডিও প্রচার করা ব্রেনটন ট্যারেন্ট ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত। তিনি নিজেকে সাধারণ শ্বেতাঙ্গ নাগরিক বলে উল্লেখ করেছেন।
আরো পড়ুন: নিউজিল্যান্ডে মসজিদে হামলায় ২ বাংলাদেশী নিহত, আহত ৫, নিখোঁজ ২
তিনি জানিয়েছেন, ইউরোপের মাটিতে সরাসরি অভিবাসীদের সংখ্যা কমাতেই তিনি এই হামলা চালিয়েছেন। এই ন্যক্কারজনক হামলা চালিয়ে তিনি অভিবাসী ও ইসলামপন্থী জঙ্গিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
ইত্তেফাক/অনি