গাজীপুর পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

গাজীপুরে ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের বরমী এলাকায় সিরাজ উদ্দিন সিরু (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। অপরদিকে পল্লীবিদ্যুৎ বাশতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মামুন অর রশিদ (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিক।
 
গাজীপুর শ্রীপুরের বরমী থেকে বাজার করে বাসায় ফেরার পথে বাজারের পাশে একটি পিকআপের নিচে চাপা পড়েন সিরু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে। তিনি বরমী বাজারের বস্তা ব্যবসায়ী এবং মাইছপাড়া এলাকার বাসিন্দা।
 
অন্যদিকে, ভোর রাত ৪টার দিকে সাইকেলযোগে যাওয়ার পথে পল্লীবিদ্যুৎ এলাকায় বাশতলী মাছবাজারের সামনে একটি ট্রাক মামুন অর রশিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
রশিদ কালিয়াকৈরের চান্দরা এলাকার আজগর আলীর বাসায় ভাড়া থাকতেন। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন মামুন অর রশিদ।