বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, 'জ্ঞান সৃষ্টি, জ্ঞানের ধারণ ও জ্ঞান বিতরণ করা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মূল উদ্দেশ্য হওয়া উচিৎ ।' তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এইকথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, 'দেশে উচ্চ শিক্ষার বিস্তার ঘটাতে সরকার নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। এসব নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে পূরনো বিশ্ববিদ্যালয়গুলোর মতো সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।'
তিনি আরও বলেন, 'নতুন বিশ্ববিদ্যালয়ে কিছু সমস্যা থাকতেই পারে। তবে পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কাজ করছে।' বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।
এছাড়া আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বেরোবি এর বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মতিউর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাইদুল হক।