ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে হিল্লা শহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ২৯ জন নিহত হয়েছেন। হাসপাতাল ও নিরাপত্তাসূত্রে বার্তা সংস্থা এএফপি জানায়, রবিবার জনপূর্ণ চেক পয়েন্টে একটি গাড়ি বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, 'হিল্লার উত্তরাঞ্চলের প্রধান চেক পোস্টে হামলায় ২৯ জন নিহত ও আরও ৪৭ জন আহত হয়েছেন।' তবে এখনও হামলার দায় স্বীকার করেনি কোন জঙ্গি সংগঠন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে হামলাস্থলের আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হিল্লার হাসপাতালে কর্মরত এক ডাক্তার জানিয়েছেন, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।