ফুলগাজীর চেয়ারম্যান আবদুল আলিম বরখাস্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘বেআইনি’কার্যক্রমের অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আলিমকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। নির্বাচন কমিশনের নির্দেশে রবিবার স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
 
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করার এই প্রজ্ঞাপন বিকালে ইসি সচিবালয়ে পৌঁছায়।
 
স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আবদুল আলিমের বিরুদ্ধে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমায় বাধা দান, ভয়ভীতি প্রদর্শন, বেআইনি কার্যক্রম, ইসি ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এর আগে গত বুধবার ফুলগাজী উপজেলার সব ইউনিয়নের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। পরদিন আবদুল আলিমকে অপসারণের নির্দেশ পাঠানো হয় স্থানীয় সরকার বিভাগে।
 
একরামুল হক নিহত হওয়ার পর শূন্য হওয়া ফেনীর ফুলগাজী উপজেলায় ২০১৪ সালের উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা আবদুল আলিম। আওয়ামী লীগ নেতা একরামকে ২০১৩ সালের ২০ মে ফেনী শহরে প্রকাশ্যে হামলা চালিয়ে গাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়।