ক্ষতিপূরণ মামলা

হলমার্কের এমডিসহ ২২ জনের সম্পত্তি কেন ক্রোক হবে না

ক্ষতিপূরণ মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২২ বিবাদীর স্থাবর এবং আস্থাবর সম্পত্তি কেনো ক্রোক করা হবে না এ মর্মে কারণ দর্শানোর আদেশ দিয়েছে আদালত। 
 
রবিবার ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহাদাত হোসেন এ আদেশ দেন। একইসঙ্গে পরবর্তী ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 
 
এর আগে ব্যাংক থেকে ঋণ নেয়া বাবদ বন্ধকী সম্পত্তি না থাকায় বিবাদীদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি খুঁজে বের করে ক্রোক করার আবেদন করে সোনালী ব্যাংক। ওই আবেদনে বিবাদীদের মালিকানাধীন হলমার্ক গ্রুপের নামে কেনা ৮২০০ শতক জমি, ভবন ও মেশিনারিসহ যার আনুমানিক মূল্য প্রায় ৮ হাজার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে মর্মে বলে উল্লেখ করা হয়। 
 
বিবাদীরা ওই সম্পত্তি বিক্রি করে দিলে বা হস্তান্তর করলে বাদীর টাকা  আদায়ের কোন সম্ভাবনা থাকবেনা।
 
ছয়শ ৮২ কোটি ২৯ লাখ ৬৪ হাজার ২২৫ টাকা ক্ষতিপূরণের দাবিতে ২০১৪ সালের ২৫ আগস্ট সোনালী ব্যাংকের পক্ষে আবেদনটি করেন সোনালী ব্যাংক হোটেল শেরাটন শাখার সিনিয়ার প্রিন্সিপাল অফিসার আবদুস সালাম।