তুরস্কে অভিবাসীবাহী নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু

তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু ও দোগান জানিয়েছে, তুরস্কের দিদিম রেসর্টের কাছে নৌকাটি ডুবে যায়।
 
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইএমও জানিয়েছে, এবছরের শুরু থেকে ৩ মার্চ পর্যন্ত গ্রিস যাওয়ার চেষ্টাকালে ৩২১ জন সাগরে ডুবে মারা গেছেন।
 
আনাদোলু জানায়, ইজিয়ান সাগরে ঘটা সর্বশেষ এই অভিবাসীবাহী নৌকাডুবি থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।
 
ইউরোপে আশ্রয় পাওয়ার আশায় প্রতি দিন দুই হাজারের বেশি মানুষ গ্রিস পৌঁছচ্ছেন। তবে মেসিডোনিয়া তাদের সীমান্ত বন্ধ করে দেয়ায় গ্রিসের ভেতর মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছেন অনেকেই।  
 
ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো দেশই সীমান্তে কড়াকড়ি ও একদিনে প্রবেশকারী শরণার্থী সংখ্যা বেধে দিয়েছে। আর কিছু দেশ সীমান্তে কাঁটাতারের বেড়াও নির্মাণ করেছে। সূত্র: বিবিসি