টাংগাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু তোলায় তিনটি ড্রেজার মেশিন ও একটি ভেকু জব্দ করেছে নাগরপুর উপজেলা প্রশাসন। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার মোকনা ইউনিয়নের ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেশিন গুলো জব্দ করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর ও ডাম্পার দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। গত এক বছর ধরে ওই চক্রটি নাগরপুরের মোকনা ইউনিয়নের কেদারপুরে অবস্থিত শেখ হাসিনা সেতুর নিচে অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে বালু কেটে পাচার করে আসছিল। এতে হুমকির মধ্যে ছিল ৫২০.৬০ মিটার পিসি গার্ডার এ সেতুটি।
এ দিকে নদী পাড়ের সাধারণ মানুষ প্রভাবশালী এই চক্র গুলোর বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পায়নি। ফলে তারা অবাধে বালু কেটে সাবাড় করছিল।
আরো পড়ুন: নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীর ফেসবুক একাউন্ট বন্ধ
নাম প্রকাশে অনিচ্ছুক নদী পাড়ের এক মহিলা জানান, বালু কাটায় বাধা দিতে গেলে মারতে আসে এবং পুলিশের ভয় দেখায়। গত কয়েক দিন আগে রাতের বেলা পুলিশ এসে তাদের ধরে নিয়ে গেলেও অজ্ঞাত কারণে আবার ছেড়ে দেয়। এতে করে আমরা আরও ভীত হয়ে পড়ি। কিন্তু গতকাল ইউএনও অভিযান চালালে তারা পালিয়ে যায়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদীতে অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/অনি