কুষ্টিয়ায় বাসের ধাক্কায় ২ যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লালন (৩৫) ও সামাদ (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন।
 
রবিবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বাগুয়ান গার্লস কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া গ্রামের মৃত বজলু ও মইরুদ্দিনের ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, লালন ও সামাদ নামের দুজন ওয়েল্ডিং মিস্ত্রি মোটরসাইকেলে করে মথুরাপুর থেকে মশাউড়া নিজ গ্রামে ফেরার সময় বাগুয়ান গার্লস কলেজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস বিবিএস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী লালন ও সামাদ নিহত হন।
 
দৌলতপুর থানার ওসি শাহীনুর রহমান শাহীন জানান, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।