রামপুরা ও কেরানীগঞ্জে ঝড়ে ২ শিশুর মৃত্যু

রাজধানীর রামপুরায় ও কেরানীগঞ্জে ঝড়ে ২ শিশু নিহত হয়েছে। নিহতদের নাম- কারিশমা (৫) ও রিয়ামনি (৯)।
 
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীতে  নির্মানাধীণ একটি ভবনের দেয়াল ধ্বসে দুই শিশু গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক কারিশমাকে মৃত ঘোষণা করে। কারিশমার গ্রামের বাড়ি পিরোজপুর। তার বাবার নাম শামীম হাওলাদার।
 
স্থানীয়রা জানান, বহুতল ভবনটি থেকে দেওয়ালের একটি অংশ পাশের টিনশেড ঘরে পড়লে কারিশমা গুরুতর আহত হয়। কয়েকজন নির্মানাধীণ ভবনটির অব্যবস্থাপনার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে বলেন, ভবনটি রাজউক কর্তৃক অনুমোদিত কি না তা নিয়ে সন্দেহ আছে!
 
কেরানীগঞ্জ : দক্ষিণ কেরাণীগঞ্জে ঝড়ের সময় তিনতলা ঘরের টিন উপড়ে পড়ে। ওই টিনের আঘাতে রিয়ামনি (৯) নিহত হয়।  এ ঘটনায় অন্তত আটজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় ঈমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মুনিরুল ইসলাম জানান। নিহত রিয়ামনি ওই এলাকার বাসিন্দা। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।