গাইবান্ধায় বাসচাপায় এএসআই নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় মো. ওবায়দুর রহমান (৪১) নামের পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ি হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
ওবায়দুল রহমান দিনাজপুর জেলার নাবাবগঞ্জ উপজেলার মৃত আবদুল ওয়াহেদের ছেলে। নিহত ওবায়দুর রহমান রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় ডেপুটেশনে ছিলেন।
 
গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুল গফুর বলেন, ওবায়দুর রহমান গোবিন্দগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রাতে রংপুর-ঢাকা মহাসড়কে ডিউটি করছিলেন। তিনি হাওয়াখানা ব্রিজ এলাকায় পুলিশের পিকআপভ্যান থেকে নেমে মহাসড়কের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।