মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
রবিবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামালে এ দণ্ড দেন। সোমবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এরা হলেন, উপজেলার চরআলগী এলাকার মো. ছিদ্দিক (৩৭), মো. রুহুল আমিন (৪৫) ও চর আবদুল্লাহ এলাকার আবুল কালাম (৩৮)।
মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক উপজেলা ট্রাস্কফের্সের সদস্যসচিব ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম বলেন, ‘জাটকা সংরক্ষণের জন্য মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে দু মাস (মার্চ ও এপ্রিল) সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ওই তিন জেলে অভয়াশ্রমে মাছ ধরছিলেন। রবিবার সন্ধ্যায় নৌ পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে চরআলগী ইউনিয়নের উছখালি মাছঘাটের অদূরে মেঘনার ইলিশ অভয়াশ্রমে মাছ ধরার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে রাতেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।’
উপজেলা নির্বাহী অফিসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত তিন জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে।