ফিল্মফেয়ারের মঞ্চে অন্য প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে পুরস্কারের বেশির ভাগটাই ঝুলিতে ভরেছিল 'বাজিরাও মাস্তানি'। এবার জি সিনে অ্যাওয়ার্ডসেও তাই করল সঞ্জয় লীলা বানসালি’র ছবিটি।
টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, জি সিনে অ্যাওয়ার্ডসে 'বাজিরাও মাস্তানি' দখল করে নিল সাকুল্যে ১১টি পুরস্কার।
জুরিদের বিচারে সেরা ছবির সম্মান পেল 'বাজিরাও মাস্তানি'। সেরা পরিচালকের পুরস্কার পেলেন সঞ্জয় লীলা বানসালি এবং সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর সিং। সেরা অভিনেত্রী হন দীপিকা পাড়ুকোন।
জেনারেল ক্যাটাগরিতেই 'মোহে রং দো লাল' গানটির জন্য সেরা গায়িকা হিসেবে পুরস্কার জিতলেন শ্রেয়া ঘোষাল। সেরা কোরিওগ্রাফারের সম্মান পেলেন গণেশ আচার্য, 'মলহারি' গানের নৃত্য পরিচালনা করে।
এছাড়া সেরা আর্ট ডিরেকশন, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরা অ্যাকশন স্টান্ট, সেরা সাউন্ড ডিজাইন, সেরা ভিস্যুয়াল এফেক্টস এবং সেরা সিনেম্যাটোগ্রাফি- সবেতেই জয়ধ্বজা উড়ল বাজিরাওয়ের! তবে, কাশীবাঈ বঞ্চিতই রইলেন! জি সিনে অ্যাওয়ার্ডসের তরফ থেকে কোনও পুরস্কার এল না প্রিয়াঙ্কা চোপড়ার হাতে।
শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জি সিনে অ্যাওয়ার্ড দেয়া হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রচারিত হয় জি সিনেমায়। অবশ্য ২১ ফেব্রুয়ারির দিকে পুরষ্কার পাওয়া ছবি ও তারকাদের নাম ঘোষণা করা হয়।