চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তিন লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহৃত এক ব্যবসায়ীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। সোমবার উপজেলার কালিয়াবকরি গ্রামে এমন খবর পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কালিয়াবকরি গ্রামের আবুল হোসেনের ছেলে মুদি ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩৫) তার প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় ১০/১২ জনের অস্ত্রধারী একদল সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে চোখ বেঁধে সীমান্তের দিকে নিয়ে চলে যায়। এরপর অপহরণকারীরা সাদ্দাম হোসেনের বাবার কাছে মুঠোফোনে মুক্তিপণ বাবদ ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। খবর পেয়ে থানা পুলিশ রাতে বেশ কয়েকটি গ্রামে তল্লাশি চালালেও তাকে উদ্ধার করতে পারেনি।
গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন চলছে, সোমবার ভোর সাড়ে চারটার দিকে দামুড়হুদা-মেহেরপুরস্থ সীমান্তবর্তী মাঠ থেকে তিন লক্ষ টাকার সমঝোতার ভিত্তিতে অপহৃত সাদ্দামকে পরিবারের লোকজন উদ্ধার করেছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, অপহৃত কে সোমবার ভোর সাড়ে চারটার দিকে একটি মাঠ থেকে পুলিশ উদ্ধার করেছে। তবে মুক্তিপণের বিষয়ে তিনি কিছু জানেন না।