তেঁতুলিয়ায় ট্রাক্টর চালকের লাশ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আব্বাস আলী (২৫) নামে এক ট্রাক্টর (মাহেন্দ্র) চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
 
সোমবার সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দীগছ এলাকার একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়ে। আব্বাস আলী ওই উপজেলার ভজনপুর ইউনিয়নের শান্তিনগর এলাকার তবিবর রহমানের ছেলে।
 
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুবৃর্ত্তরা তাকে হত্যার পর লাশ ফেলে গেছে। তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
 
উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, স্থানীয় চেয়ারম্যান মোস্তফা কামাল স্বপনসহ হাজারো মানুষ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
পুলিশ ও স্থানীরা জানায়, রোববার রাতে আব্বাস বাড়িতে ফিরেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকালে স্থানীয় লোকজন গোলাব্দীগছ এলাকার একটি বাশঁঝাড়ে তার লাশ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
 
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।