ঝিনাইদহের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অফিস ভাংচুর

 
ঝিনাইদহের পানি উন্নয়ন বোর্ডে ঠিকাদারি কাজের লটারি করার সময় নির্বাহী প্রকৌশলীর অফিসে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুর ১টার দিকে একদল দুর্বত্ত এ ভাংচুরের ঘটনা ঘটায়। ইজিপি পদ্ধতিতে লটারির পরিবর্তে এনালগ পদ্ধতিতে লটারির দাবিতে এ ভাংচুর করা হয়। এ সময় ভাংচুর করা কাঁচের টুকরার আঘাতে নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
 
পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ জানান, জিকে প্রজক্টের অধিন ১ কোটি ৩০ লাখ টাকার ২৯ গ্রুপের কাজের লটারি ইজিপি পদ্ধতিতে আজ সোমবার দুপুর থেকে কাজ চলছিল। আঠার গ্রুপের লটারি শেষে দুপুর ১টার দিকে ৪/৫ জনের একদল দুর্বত্ত নির্বাহী প্রকৌশলীর কক্ষে জোরপুর্বক প্রবেশ করে। তারা ইজিপি পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে আগের নিয়মে লটারি করতে বলেন। এ সময় তিনি অপারগতা প্রকাশ করলে দুর্বত্তরা তার টেবিলের গ্লাস ও কম্পিউটার ভাংচুর করে। ভাংচুরের সময় ভাঙ্গা গ্লাসের টুকরা ছুটে গিয়ে তার পেটে আঘাত লাগলে তিনি সামান্য আহত হন।
 
খবর পেয়ে সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছুলে দুর্বত্তরা পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে লটারির কাজ বন্ধ করে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।