বগুড়ার নন্দীগ্রাম থেকে মানিক (৩৫) নামে এক বিদেশ ফেরত যুবককে অপহরণের ২০ ঘণ্টা পর শিবগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার নন্দীগ্রাম থানা পুলিশ শিবগঞ্জ উপজেলার সংসারদীঘি গ্রামে অভিযান চালিয়ে মানিককে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অভিযোগে আন্তঃজেলা অপহরণকারী চক্রের নারী দলনেতাসহ তিনজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার পাঠান মির্জাপুর গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী মিনা খাতুন (৩০), একইগ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ইয়াকুব আলী (৫০), ধনকুচা গ্রামের সেলিম হাসানের ছেলে মাসুদ (৪০)।
জানা গেছে, জেলার কাহালু উপজেলার হরিপুর শীতলাই গ্রামের আব্দুর রহমানের দুবাই প্রবাসী ছেলে মানিককে স্বর্ণের পুতুলের লোভ দেখিয়ে রবিবার বিকেল ৩টার দিকে মিনা খাতুন কৌশলে নন্দীগ্রামের পাঠান মির্জাপুর এলাকায় ডেকে নেন। পরে মানিককে অপহরণ তাকে শিবগঞ্জ উপজেলার সংসার দিঘী গ্রামে নিয়ে গিয়ে আটকে রাখেন । এ সময় তার কাছে থাকা ২০ হাজার টাকা হাতিয়ে নেয় অপহরণকারীরা । এরপর মিনার অন্যান্য সহযোগিরা মোবাইল ফোনে মানিকের পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মানিকের পরিবারের বিষয়টি পুলিশকে জানায়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সোমবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শিবগঞ্জের সংসারদীঘি এলাকা থেকে মানিককে উদ্ধার করে। সোমবার দুপুরে এ ঘটনায় মানিকের চাচাতো ভাই দেলোওয়ার হোসেন নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেছেন ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা অপহরণকারী দলের সদস্য। তারা বিভিন্ন সময় মানুষকে নারী এবং স্বর্ণের পুতুলের প্রলোভন দিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।