প্রেমিক যুগলদের হয়রানির ঘটনায় এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে শ্রীলঙ্কা সরকার। কলম্বোর একটি স্মৃতিস্তম্ভে যুগলদের হয়রানির ঘটনা প্রকাশ্যে আসার পর এই ব্যবস্থা নিলো দেশটির সরকার। সৌধটিতে হাত ধরে থাকা প্রামিক-প্রেমিকাদের ধাওয়া করে তাড়িয়ে দিয়েছিলেন নিরাপত্তা কর্মীরা।
প্রেমিক যুগলদের ধাওয়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর নিরাপত্তা প্রধানকে চাকরিচ্যুত করা হল।
উপ পররাষ্ট্রমন্ত্রী হর্শ ডি সিলভা শ্রীলঙ্কার ইনডিপেন্ডেন্ট স্কয়ার সৌধ পরিদর্শনে গিয়ে দেখেন, নিরাপত্তারক্ষীরা প্রেমিক যুগলদের ওই এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছেন। এর পরই বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।
তিনি বলেন, সৌধটির নিরাপত্তার দায়িত্বে থাকা পরিচালককে চাকরিচ্যুত করতে স্বয়ং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
বিগত সরকারের আমলেও প্রেমিক- প্রেমিকাদের প্রকাশ্যে চুম্বন করতে বাধা দেয়ার জন্য টহল দিত পুলিশ। সূত্র: এএফপি