নীলফামারীতে মাদক বিক্রেতার যাবজ্জীবন

মাদক বিক্রির অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত।
 
সোমবার নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল আলম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হারিজ উদ্দিনের (৬০) বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর সালন্দার গ্রামে। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
মামলার নথির বরাত দিয়ে এডিশনাল পিপি আজিজুল ইসলাম  প্রামানিক জানান, চোরাই পথে ভারত সীমান্ত থেকে কোডিন মিশ্রিত ১৬ লিটার ফেনসিডিল এনে ২০১১ সালের ২৮ অক্টোবর রাতে নীলফামারীর সৈয়দপুরে বিক্রি করছিলেন হারিজ উদ্দিন।এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। ওই রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।
 
দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এ দণ্ডাদেশ দিয়েছেন।