রামগড়ে তুচ্ছ ঘটনা নিয়ে হামলা, আহত ১০

জেলার রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে সোমবার দুপুরে একটি তুচ্ছ ঘটনা নিয়ে হামলায় ১০ জন আহত হয়েছে। এ সময়  একটি দোকান ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে ৬ জনকে রামগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন-  ওমর ফারুক (২৫), সবুজ সূত্রধর (২৬), মো. শাহজাহান (২৯), কেফায়েৎ উল্লাহ (৩৪),  শাহ আলম (৩৫) ও মো. আলম (৪০)।
 
সোনাইপুল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হারুণ বলেন, সোমবার দুপুর ১টার দিকে সোনাইপুল বাজারে অটোরিকশায় বহন করা আটার বস্তা বিপরীত দিক থেকে আসা অটোরিকশার লেগে ছিঁড়ে যায়। এ নিয়ে অটোরিকশার যাত্রী ও আটার বস্তার মালিক কেফায়েৎ উল্লাহ এবং অপর অটোরিকশার চালক শাহ আলমের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এ পর্যায়ে কেফায়েত উল্লাহকে মারধর করা হচ্ছে এমন খবর ছড়িয়ে পরলে পৌরসভার মহামুনি এলাকা থেকে তার আত্মীয়স্বজনরা এসে বাজারের লোকজনদের ওপর হামলা চালায়। এতে ১০ জন আহত হয়। হামলাকারীরা একটি হার্ডওয়্যারের দোকানও ভাঙচুর করে।
 
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন খাঁন বলেন, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।