ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে সাব্বির

ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের দারুণ পারফর্ম করে টুর্নামেন্ট সেরা হয়েছেন সাব্বির রহমান। এবার র‌্যাংকিংয়েও ৪৪ ধাপ এগোলেন তিনি।সোমবার আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাব্বিরের অবস্থান ২০তম। তার রেটিং পয়েন্ট ৫৭৪।
 
এটিই সাব্বিরের ক্যারিয়ারে অর্জিত সর্বোচ্চ র‌্যাংকিং ও রেটিং পয়েন্ট।
 
ব্যাটসম্যানদের তালিকায় ২৫তম অবস্থানে রয়েছেন তিনধাপ পিছিয়ে যাওয়া সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৫৪৩। আইসিসি র‌্যাংকিংয়ে এক নম্বরেই রয়েছে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত। তবে রানার্সআপ বাংলাদেশের অবস্থান এখনও দশ। মাশরাফি বিন মর্তুজার দল অর্জন করেছে ৭৪ পয়েন্ট।
 
এছাড়া টি-টোয়েন্টির ব্যাটসম্যান হিসেবে এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ, বোলারদের তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন আর টি-টোয়েন্টির অলরাউন্ডার তালিকায় এক নম্বরে রয়েছেন অজি তারকা শেন ওয়াটসন। অলরাউন্ডার তালিকায় দুই নম্বরে সাকিব আল হাসান।