জয়ে ফিরতে মরিয়া শেখ জামাল

এএফসি কাপের গ্রুপ ই’এর খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিলিপাইনের সেরেস লা সালের মুখোমুখি হবে শেখ জামাল। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
 
এ ম্যাচের মধ্য দিয়ে এএফসি কাপে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল। সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ শফিকুল ইসলাম মানিক বলেন,‘খেলোয়াড়দের বলেছি দলবদল, সাসপেনশন নিয়ে মাথা না ঘামাতে। পুরো মনোযোগ ম্যাচে রাখতে বলেছি।’
 
সিঙ্গাপুরের ট্যাম্পেইন্স রোভার্সের বিপক্ষে ০-৪ গোলে হার সম্পর্কে মানিক বলেন, 'মনোসংযোগের অভাবে ছোট-খাটো অনেক ভুল হয়েছিল। এর মাশুল দিতে হয়েছে। এই ম্যাচে ভুল করা যাবে না।'
 
মানিক বলেন, 'ফিলিপাইনসহ অন্য দেশে লিগ খেলা চলছে। আমাদের ফুটবলাররা এই মাঠে খেলেছে ছয় মাস আগে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনেরও সুযোগ হয়নি আমাদের। আজ (সোমবার) রাত সাতটায় সুযোগ দেওয়া হলেও আমরা করিনি।'

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় দল ও শেখ জামালের মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার ইয়াসিন খানকে ছয় মাস নিষিদ্ধ করেছে বাফুফে।  এএফসি'র নতুন নিয়ম অনুযায়ী তিন বিদেশির সঙ্গে এশিয়ান কোটায় আরেকজন বিদেশি খেলানো যাবে। তবে ভিয়েতনামের এনগুয়েনকে এই ম্যাচে পাচ্ছে না জামাল।
 
এই প্রসঙ্গে মানিক বলেন,‘ সিঙ্গাপুর থেকে ভিসা জটিলতার জন্য সে ভিয়েতনাম গিয়েছে। এই ম্যাচে তাকে পাচ্ছি না। এক জন কম বিদেশি নিয়ে খেলতে হচ্ছে। তার পরিবর্তে কেষ্ট অথবা এনামুলকে একাদশে দেখা যেতে পারে।'