গার্মেন্টসের লিফটের নিচ থেকে শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টারস্টপ গার্মেন্টস থেকে দ্বীপক কুমার সাহা (৩৬) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার রাত সাড়ে ৭টার দিকে ওই গার্মেন্টসের নির্মাণাধীন একটি ভবনের লিফটের নিচের হাউস থেকে তার লাশ উদ্ধার করা হয়। দ্বীপক ময়মনসিংহ সদর থানা এলাকার দেবব্রত সাহার ছেলে।
 
জানা গেছে, কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টারস্টপ গার্মেন্টসে দ্বীপক কুমার সাহা কোয়ালিটি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাতে তিনি গার্মেন্টস থেকে নিখোঁজ হন। পরদিন ওই গার্মেন্টসের এক শ্রমিক নির্মাণাধীন একটি ভবনের লিফটের নিচের হাউসে পানির মধ্যে দ্বীপকের লাশ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান।কর্তৃপক্ষ এ ঘটনা কাউকে না জানানোর জন্য ওই শ্রমিককে ভয়ভীতি দেখায়। পরে বিষয়টি পুলিশ জানতে পেরে সোমবার রাতে লাশ উদ্ধার করে।
 
কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যাকাণ্ড কিনা তা জানা যাবে।