গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখায় সব ষড়যন্ত্র পরাজিত হয়েছে। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে।
মঙ্গলবার সকালে শাহবাগে মীর কাসেম আলীর মৃত্যুদন্ডাদেশ আপিলেও বহাল থাকার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ইমরান এইচ সরকার বলেন, আপিল বিভাগে মৃত্যুদন্ড বহাল রাখার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয় বরং এদের অর্থ, স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, যাতে এই সম্পত্তি রাষ্ট্রের বিরুদ্ধে আর কোনো যুদ্ধাপরাধী ব্যবহার করতে না পারে।
মীর কাসিম আলীর আপিলের রায় ঘোষণার আগে থেকেই শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।