চুরির পর ঘরে আগুন দিয়ে পালিয়েছে চোর

খুলনায় আলমারী ভেঙ্গে নগদ অর্থসহ অন্যান্য মালামাল চুরি করে পালানোর সময় ঘরের গ্যাস সিলিন্ডারের লাইনে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে চোরেরা। এতে একটি মোটরসাইকেলসহ ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে তিনতলা বিশিষ্ট পুরো বাড়িতে গ্যাস ছড়িয়ে পড়ার আগেই তা ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণ করায় ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গেছে। 
 
মঙ্গলবার দুপুরের দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া ২ নম্বর ক্রস রোড এলাকার সুনীলের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়ার ২ নম্বর ক্রস রোড এলাকার সুনীলের বাড়ির নিচতলার ভাড়াটিয়া অনীল দত্তের পরিবারের সদস্যরা ঘর তালাবদ্ধ করে বাইরে যান। এর মধ্যে জানালার গ্রিল ভেঙ্গে একদল চোর ওই বাড়িতে প্রবেশ করে। তারা আলমারি ভেঙ্গে নগদ অর্থসহ অন্যান্য মালামাল এবং গ্যাসের চুলাও চুরি করে নিয়ে যায়। তবে পালানোর সময় চোরেরা গ্যাস সিলিন্ডারের লাইন এবং একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ঘর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনের ইনচার্জ মো. জাকির হোসেন জানান, পালানোর সময় রান্না ঘরের গ্যাস লাইনে আগুন দেয় চোরেরা। এতে পুরো বাড়িতেই গ্যাস ছড়িয়ে পড়ছিল। কিন্তু দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। আগুনে আনুমানিক ৩ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।