ডাকাতের হামলায় আহত এস আই'র অবস্থা আশংকাজনক

নাসিরনগরে ডাকাতের হামলায় আহত পুলিশের সাব-ইন্সপেক্টর মলয়েন্দ্র নাথ রায়কে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
সোমবার রাত সাড়ে দশটার দিকে নাসিরনগর-সরাইল সড়কে তুল্লাপাড়া-দাতঁমন্ডল মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। 
 
আশুগঞ্জ থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর মলয়েন্দ্র নাথ রায় কর্মস্থল থেকে সিএনজি দিয়ে নাসিরনগর সদরে পরিবারের উদ্দেশে আসার পথে তুল্লাপাড়া-দাতঁমন্ডল মধ্যবর্তী স্থানে ১০/১২ জনের মুখোশ পরা ডাকাতদল গতিরোধ করে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে সাব-ইন্সপেক্টর মলয়েন্দ্র নাথ রায় আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তার শরীরের অবনতি ঘটলে মঙ্গলবার দুপুরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার  মো. মিজানুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম ডাকাতের হামলায় আহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।